Views Bangladesh Logo

স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে: দুলু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সব পর্যায়ে একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই উপজেলা, পৌরসভা বা ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী দাঁড়ানোর সুযোগ থাকবে না বলেও জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল এবং দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, যিনি সবচেয়ে জনপ্রিয়, তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। কোনোভাবেই এর ব্যতিক্রম করা হবে না।

তিনি বলেন, মনোনয়ন না পাওয়া ত্যাগী নেতাদেরও মূল্যায়ন করা হবে। তাদের যোগ্যতা ও অবস্থান বিবেচনায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। ত্যাগী কোনো নেতাকে বঞ্চিত করা হবে না।

নেতাকর্মীদের আগামী নির্বাচনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে দুলু বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ব্যবধান বিএনপির নেতাকর্মীদের বুঝতে হবে। জামায়াতে ইসলামী নারী কর্মীদের মাঠে নামিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে এবং ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে ভোট চাইছে। বিএনপির নারী ভোটারদেরও যাতে অন্যরা প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

দুলু বলেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। দেশের মানুষ যাতে এগিয়ে যেতে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, সে জন্য আগের সরকার শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে রেখেছিল।

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা এবং নাটোর জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ