দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে বিএনপি: মীর শাহে আলম
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ না থাকলেও নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে স্থানীয় বিএনপিকে প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয়ভাবে কোনো পৃথক অবস্থান নেবে না।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা প্রতীক ব্যবহারের বিধান না থাকায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে কোনো দলের প্রার্থীকে আলাদাভাবে সুবিধা দেওয়ার সুযোগ নেই।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে না, তাই আইন অনুযায়ী যোগ্য সব প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। বৈধ প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে বিষয়েও প্রশাসন কাজ করবে।
প্রতিমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনেই সরকারের মূল লক্ষ্য। এ জন্য স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করবে।
মতামত দিন