আজ থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম আজ শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে বিএনপির মনোনয়ন বোর্ড। এই প্রক্রিয়া চলবে শনিবার বিকেল ৩টা পর্যন্ত। প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। দ্বিতীয় দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা বোর্ডের সামনে উপস্থিত হবেন।
এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য ইতোমধ্যে বিপুলসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাক্ষাৎকারের মাধ্যমে তাদের দলের প্রতি ত্যাগ, নিষ্ঠা ও যোগ্যতা যাচাই করে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।
দলীয় নেতারা জানিয়েছেন, সংসদীয় কার্যক্রম শুরুর আগেই সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতেই এই দ্রুত সাক্ষাৎকার প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে