Views Bangladesh Logo

ক্ষমা না চাইলে পাবনায় সারোয়ার তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিতের হুঁশিয়ারি

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে করা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার ও সারজিস আলমকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা বিএনপি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা বিএনপির নেতারা।

লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই পাবনা সদর ও চাটমোহরে এনসিপির রাজনৈতিক সফরকালে সারজিস আলম ও সারোয়ার তুষার বিভিন্ন সভা-সমাবেশে এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি বলেন, অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে শিমুল বিশ্বাস এবং পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ জেলার যেকোনো সভা-সমাবেশে সারজিস আলম ও সারোয়ার তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ‘পাবনায় জুলাই গণঅভ্যুত্থানে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার অভিযোগ করেন, এনসিপির নেতাদের বক্তব্যের সঙ্গে জামায়াতের বক্তব্যের মিল রয়েছে। দুই দলের ভাষা ও বক্তব্যে সাদৃশ্য রয়েছে, যা ইন্ধনের ইঙ্গিত বহন করে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল মান্নান মাস্টার, আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা সেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু এবং বর্তমান আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই নাটোরে এক পদযাত্রায় এনসিপির মুখ্য আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান (সাঈদ চেয়ারম্যান)-সহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ