আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচনই প্রধান আলোচ্য বিষয়
নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার (১ আগস্ট) বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলীয় সূত্র বলছে, সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন এবং এ পদে দলের সম্ভাব্য অবস্থানই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, চলতি আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হতে পারে বলে তারা ধারণা করছেন। সে কারণে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী দেওয়া হবে কি না, দেওয়া হলে কে হতে পারেন, এসব বিষয় নিয়ে স্থায়ী কমিটিতে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপরই ছেড়ে দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।
এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কোনো ব্যক্তিকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সম্ভাব্য প্রার্থী নিয়ে বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে মুখ না খুললেও দলীয় অন্দরে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় নেতাদের মতে, দীর্ঘদিন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, বিভিন্ন রাজনৈতিক সংকটে নেতৃত্ব দেওয়া, পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এবং দলীয় সীমার বাইরে গ্রহণযোগ্যতা থাকায় সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তিনি এগিয়ে রয়েছেন। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে।
তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট হতে পারে।
মতামত দিন