শনিবার বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক আলোচনা তুঙ্গে থাকায় শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচ্যসূচি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেননি। তিনি বলেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে দলের স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচনায় আসবে।
গত শুক্রবার ‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই প্রেক্ষাপটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।
এদিকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন স্পিকারের সঙ্গে বৈঠক করেন।
বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কয়েকজনের নাম ঘুরে বেড়াচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস, একজন সচিব এবং কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামও আলোচনায় রয়েছে।
মতামত দিন