Views Bangladesh Logo

নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে জয় লাভের মাধ্যমে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফল ও বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দলটি এককভাবেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি ও তাদের জোট ১৬৭ আসনে জয়ী হয়েছে। এখনো ৭১ আসনের ফলাফল বাকি আছে। ফলে নতুন সরকার গঠনের পথে নিশ্চিতভাবে এগিয়ে চলছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

বিএনপি নেতারা জানিয়েছেন, জনগণের ব্যাপক অংশগ্রহণ ও সমর্থনের ফলেই এ বিজয় এসেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ‘এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে জনগণের সুস্পষ্ট রায়।’

তারা প্রতিশ্রুতি দেন যে নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা থাকলেও বিভিন্ন পর্যবেক্ষক মনে করছেন, দেড় শতাধিক নয় আগামী জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে জয় পাওয়ারও সম্ভাবনা আছে দলটি।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও এনসিপির ১১ দলীয় জোট শেষ খবর পাওয়া পর্যন্ত ৬২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। দলটি রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগে ভালো করলেও অন্য বিভাগগুলোতে তেমন সুবিধা করতে পারেনি।

এদিকে, বৃহস্পতিবার মধ্য রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সমর্থকরা বিজয় মিছিল ও সমাবেশের মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। তবে বিএনপি নেতারা সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বিয় উৎসব করার নির্দেশ দিয়েছেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ