রাজধানীতে প্রকাশ্যে বিএনপি নেতাকে ছুরিকাঘাত
রাজধানীর কদমতলীর মাতুয়াইলে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বিএনপির এক নেতা। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনায় গুরুতর আহত শামসুদ্দিন খানকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত শামসুদ্দিন খান মাতুয়াইল মেডিকেল রোড এলাকার বাসিন্দা। তিনি মাতুয়াইল মাতৃসদন ইউনিট বিএনপির সভাপতি এবং স্থানীয় শামীমবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক।
প্রতিবেশী শান্ত আহমেদ জানান, দুপুরে কয়েকজন মিলে দোকানে চা পান করার সময় চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা শামসুদ্দিনকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হয়। আহত শামসুদ্দিন তাদের জানিয়েছেন, রাকিব (২৭) নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করেছেন।
শামসুদ্দিনের ভাই আজিম উদ্দিন খান অভিযোগ করেন, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর মেডিকেল রোড এলাকায় পেছন থেকে রাকিব তাকে ছুরিকাঘাত করেন। তার দাবি, স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ওরফে ‘পেট কাটা শামীম’-এর সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরেই রাকিব, ইমরানসহ কয়েকজন এ হামলা চালিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। ঘটনার বিষয়ে কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।
মতামত দিন