মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মোহাম্মদ নূর ইসলাম (৫৫)।
শুক্রবার (১৯ জুন ২০২৬) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকার একটি ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নূর ইসলাম বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে ৫–৬ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার মুখের বাম পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়।
আহত নূর ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতের ভাতিজা ইয়াসিন জানান, হামলাকারীরা আকস্মিকভাবে এসে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে হাসপাতাল পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন