২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
দীর্ঘ সাড়ে পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মির্জা আব্বাস গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
দেশে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর পরবর্তী পর্যায়ের বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
এরপর থেকে মালয়েশিয়াতেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। দীর্ঘ চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এবার দেশে ফেরার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। চিকিৎসার কারণে গত কয়েক মাস তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার প্রস্তুতি নিতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
মতামত দিন