Views Bangladesh Logo

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল: রিজভী

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার সবসময়ই চ্যাম্পিয়ন ছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান ছিলেন একজন দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপক। তিনি টাকা পাচার বন্ধ করেছিলেন এবং এ জন্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে তাঁর অসাধারণ সক্ষমতা ছিল। তাঁর কৃষি অর্থনীতিবিষয়ক কর্মসূচি দেশে কার্তিক মাসের অভাব দূর করতে ভূমিকা রেখেছিল বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছরে ব্যাংক লুট করে টাকা পাচারের যে সিন্ডিকেট দেখা গেছে, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে এমন লুটপাট ও টাকা পাচারের কথা শোনা যায়নি। এমনকি ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারের বাজেট ঘাটতি পূরণের ঘটনাও তখন দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, পরবর্তী ১৭ বছরে দেশে লুটপাটের বাজেট হয়েছে। গোটা দেশকে অর্থনৈতিকভাবে ফাঁকা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির আমল ছিল গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের সময়। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল।

তিনি আরও বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে শেয়ারবাজার লুট হয়নি, যা তাঁর বড় অবদান। দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতির ওপর নির্ভর করে একটি দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে, এটি অনেকেই ভাবতে পারেননি। সাইফুর রহমান তা করতে পেরেছিলেন। দেশের অর্থনীতির বর্তমান ভিত্তি তৈরিতে তাঁর বড় অবদান রয়েছে। সামাজিক সুরক্ষার ধারণাও তিনি বাংলাদেশে প্রথম চালু করেছিলেন বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, এমন প্রত্যাশা সবার রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ