ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও তৃণমূলে শূন্য পদ পূরণে জোর বিএনপির
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দলের তৃণমূল পর্যায়ের শূন্য পদ দ্রুত পূরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি ও সাংগঠনিক পুনর্গঠন নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু মোকাবিলায় যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এর অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের বিষয়টি সামনে আসে।
ডেঙ্গু প্রতিরোধে দলীয়ভাবেও জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তৈরি প্রচারপত্র ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে। পাশাপাশি স্কুল, মাদ্রাসা ও হাটবাজারে যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হবে।
জনসম্পৃক্ততা বাড়াতে গার্লস গাইড, স্কাউট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা চালাবে বিএনপি।
বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ও গুরুত্ব পায়। রিজভী জানান, বিভিন্ন পর্যায়ের কমিটিতে মৃত্যু, বহিষ্কারসহ নানা কারণে যেসব পদ শূন্য হয়েছে, সেগুলো গঠনতন্ত্র অনুযায়ী পূরণের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট পর্যায়ের নেতাদের পদোন্নতির মাধ্যমে এসব শূন্যপদ পূরণ করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
মতামত দিন