বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দলের মধ্যে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন দলের আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিপিসির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।
দলীয় সূত্র জানায়, দুই দলের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা, যা উভয় পক্ষের রাজনৈতিক সংলাপ গভীর করা, অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সহযোগিতা জোরদারে পারস্পরিক আগ্রহের প্রতিফলন।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরের পটভূমিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে চলা এই সফরে সহধর্মিণী জুবাইদা রহমানও তাঁর সঙ্গে রয়েছেন।
বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও আঞ্চলিক সংযোগ — এসব ক্ষেত্রে বাংলাদেশ ও চীন যখন সহযোগিতা বিস্তারের পথ খুঁজছে, তখন এই সমঝোতা স্বাক্ষরকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মতামত দিন