ঢাকায় বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচি
আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় নির্বাচনি সমাবেশ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশের পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় বিকল্প কর্মসূচির আওতায় নির্বাচনি বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, পূর্বনির্ধারিত সমাবেশের পরিবর্তে মহানগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনি বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দেন। একই সঙ্গে কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারাও ছাত্রদলে যোগ দেন।
নতুন নেতৃত্বের যোগদান প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা ও অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ নেতৃত্ব বিএনপির রাজনীতিতে যুক্ত হচ্ছে।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে শিগগিরই ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে