ধর্মান্ধতায় নয়, বিএনপি সহনশীলতায় বিশ্বাস করে: সালাহউদ্দিন
বিএনপি ধর্মান্ধতার রাজনীতিতে বিশ্বাস করে না; দলটি সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম বা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই এক পরিচয়ে পরিচিত হবে—সকলেই বাংলাদেশি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা চত্বরের মাঠে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কখনো ধর্ম বা জাতিগত বিভাজনের রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। এই নীতি দলের রাজনৈতিক দর্শন ও ইশতেহারের অংশ।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী ভোটের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন—এ ধরনের প্রতিশ্রুতির নৈতিক ও ধর্মীয় ভিত্তি কোথায়।
তিনি আরও বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে উপেক্ষা করে নতুন বর্ণনা তৈরি করছে, যা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে।
শিক্ষা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষাব্যবস্থা শুধু বইনির্ভর হলে চলবে না। শিক্ষার্থীদের পছন্দ ও সক্ষমতা অনুযায়ী কারিগরি ও কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে।
কৃষি ও অর্থনীতি নিয়ে তিনি বলেন, কক্সবাজার অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উদাহরণ হিসেবে
তিনি বলেন, ঢাকায় যেখানে লবণ কেজিপ্রতি ৪০ টাকায় বিক্রি হয়, সেখানে উৎপাদকরা পান মাত্র ১০ টাকা। বিএনপি ক্ষমতায় এলে উৎপাদিত সব পণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পর্যটন উন্নয়নের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারকে বিশ্বের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি মাতারবাড়ি সমুদ্রবন্দরকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি জানান, নির্বাচিত হলে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন।
জনসভায় বক্তব্যের শেষে তিনি জনগণকে ভোট দিয়ে দেশের স্বনির্ভরতা ও উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে