সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্তে সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে আগ্রহীদের সাক্ষাৎকার নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন বোর্ড।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে চারটা থেকে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়। মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর বিভাগের চার শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
সাক্ষাৎকারে অংশ নেওয়া নেত্রী আরিফা সুলতানা জানান, প্রতিটি প্রার্থী খুব অল্প সময় কথা বলার সুযোগ পাচ্ছেন। পরে একেকটি বিভাগের প্রার্থীদের উদ্দেশে মনোনয়ন বোর্ডের নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্যও দিচ্ছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত দেড় দশকের রাজনৈতিক আন্দোলনে নারীদের ভূমিকা বিবেচনায় রাখা হবে। পাশাপাশি আইন প্রণয়ন ও সংসদীয় অভিজ্ঞতাও মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে নারী নেত্রীরা রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন—এসব বিষয়ও মূল্যায়নে থাকবে।
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। পরে যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহারের ধাপ শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি আসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে