Views Bangladesh Logo

ফের মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধে বিএনপি

সন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার থেকে ফের সারাদেশে ৩৬ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপিসহ বিভিন্ন সমমনা দলগুলো। মঙ্গলবার সকাল ৬টায় অবরোধ শুরু হয়ে শেষ হবে বুধবার সন্ধ্যা ৬টায়।

রোববার (১০ ডিসেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অবরোধের ঘোষণা দেন। এ সময় তিনি অবরোধ সফল করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

রিজভী বলেন, “নতুন করে অবরোধ কর্মসূচির উদ্দেশ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি।”

বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা অন্যান্য বিরোধী দলগুলোও একই কর্মসূচি পালন করবে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।

ঘোষণা অনুযায়ী, সংবাদপত্র সরবরাহকৃত যানবাহন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতাধীন থাকবে না।

এর আগে গত ৩১ অক্টোবর থেকে দেশব্যাপী ১০ দফা অবরোধ ও তিন দফা হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপিসহ বিভিন্ন সমমনা দলগুলো। রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। ১১তম দফায় ফের দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ দিল দলটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ