নির্দিষ্ট কিছু আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র অভিযোগ বিএনপির
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্দিষ্ট কিছু আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করার অভিযোগ তুলেছে বিএনপি।
দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।
তিনি বলেন, ‘এত কিছুর পরেও যে বেসরকারি ফলাফল আমরা পাচ্ছি, তাতে জনগণের ভালোবাসায় সিক্ত দল জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার গঠন করবে।’
বিএনপি দাবি করেছে, দলের চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন—বগুড়া-৬ ও ঢাকা-১৭—এ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মাহদী আমিন অভিযোগ করেন, ‘শুধু ঢাকা শহরে ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৬সহ বেশ কিছু আসনে উদ্দেশ্যমূলকভাবে ফলাফল ঘোষণা বিলম্ব করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে