পরাজয়ের পরও পদত্যাগে অনড় মমতা, ‘হাস্যকর’ বলছে বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পরও পদত্যাগে অস্বীকৃতি জানানোয় তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি তার এই অবস্থানকে ‘হাস্যকর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে।
মঙ্গলবার (৫ মে) কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পদত্যাগের দাবি নাকচ করেন। একই সঙ্গে ভোট গণনায় ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, নির্বাচনে পরাজয়ের পরও ক্ষমতায় থাকার চেষ্টা করে মমতা নিজেকে হাস্যকর অবস্থায় ফেলছেন। ফলাফল নিয়ে কোনো অভিযোগ থাকলে সাংবিধানিক পথ অনুসরণ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছেন এবং অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি পরিস্থিতির তুলনা ২০২১ সালের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংস ঘটনার সঙ্গে টেনে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।
পুনাওয়ালা আরও দাবি করেন, নির্বাচনে পরাজয়ের পর হতাশা থেকেই নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন মমতা এবং জনমতের রায় মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এই নির্বাচনের ফল প্রকৃত জনমতের প্রতিফলন নয়। তার অভিযোগ, প্রায় ১০০টি আসনে ফলাফল ‘প্রভাবিত’ করা হয়েছে এবং ভোট গণনার গতি ইচ্ছাকৃতভাবে ধীর করা হয়েছে।
তিনি বলেন, পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। আমরা জনগণের কাছে হারিনি, ষড়যন্ত্রের কাছে হেরেছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে