শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় শুভেন্দু অধিকারীর গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাতে কলকাতার মধ্যগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন মধ্যগ্রাম থেকে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয়া হয়। পরে, দোহারিয়াতে গাড়িটি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয়। চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে ছিলেন বুদ্ধদেব বেরা।
জানা যায়, গাড়িটির সামনেই বসে ছিলেন চন্দ্রনাথ। হামলার একপর্যায়ে চন্দ্রনাথ রথের বুকে গুলি লাগে।
দলীয় সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শনে আসছেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনী র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে ফেলেছে।
বিজেপির দাবি, তিনটি গুলি লাগে চন্দ্রনাথের বুকে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তাঁর। কলকাতা থেকে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন তিনি। গুলিবিদ্ধ গাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
জানা গেছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে