পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ ৯ মে
ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে আগামী ৯ মে। ওই দিনই শপথ নেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার। দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
৯ মে দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী বা রবীন্দ্রজয়ন্তী হিসেবে উদযাপিত হয়। এই দিন সরকার গঠনের সিদ্ধান্তকে প্রতীকী গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৬টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মাধ্যমে প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের।
যদিও এখনো নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হয়নি, সম্ভাব্যদের তালিকায় এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়া দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলি এবং শঙ্কর ঘোষের নামও আলোচনায় রয়েছে।
নির্বাচনী পরিসংখ্যানে দেখা যায়, ২০১১ সালে মাত্র ৪ শতাংশ ভোট পাওয়া বিজেপি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ২০১৯ সালে প্রায় ৪০ শতাংশ ভোট অর্জন করে। এরপর ২০২১ সালে ৭৭টি আসন জিতে প্রধান বিরোধী দলে পরিণত হয়। এবারের নির্বাচনে সেই ধারাবাহিকতায় দলটি ক্ষমতায় আসছে।
নরেন্দ্র মোদি এ জয়ের পর বলেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’। তিনি জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ১০০টিরও বেশি আসনে ফলাফল ‘লুট’ করা হয়েছে। তার এই অভিযোগকে সমর্থন করে রাহুল গান্ধীও দাবি করেন, আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ‘চুরি’ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে