১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইউরোপীয় এই নির্মাতার কাছ থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও কেনা হবে। এর ফলে বিমানের কেনার প্রক্রিয়ায় থাকা মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ৩৫টিতে।
আজ সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চুক্তিতে সই করেন বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমেয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের রাষ্ট্রদূত।
উড়োজাহাজ সরবরাহের সময়সীমা এগিয়ে আনতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ২০২৬-২৭ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ দিতে এয়ারবাসকে অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। গতকাল মঙ্গলবার তিনি বলেছিলেন, ২০৩০ সালের আগেই সরবরাহ শুরু হোক, এটাই বাংলাদেশের চাওয়া।
এয়ারবাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বোয়িং থেকেও ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিমান। এর মধ্যে ১৩টি বোয়িং ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং ১০টি ৭৩৭-৮। বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজ রয়েছে ১৯টি।
মতামত দিন