Views Bangladesh Logo

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন

কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত কংগ্রেসীয় তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিল ক্লিনটনের সাবেক ডেপুটি চিফ অব স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে উপস্থিত হবেন এবং প্রয়োজনীয় বক্তব্য দেবেন।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ক্লিনটন দম্পতিকে আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণার বিষয়ে ভোটাভুটির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল।

মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন–সংক্রান্ত নথিতে বিল ক্লিনটনের কয়েকটি ছবি অন্তর্ভুক্ত থাকলেও তিনি বরাবরই কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। গত মাসের শেষ দিকে রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি ক্লিনটন দম্পতিকে অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করে। এতে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন দেন।

ওই সময় কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

অন্যদিকে, ক্লিনটন দম্পতির আইনজীবীরা কমিটির তলবকে ‘কার্যকরযোগ্য নয়’ উল্লেখ করে জানান, এপস্টেইন বিষয়ে তাদের কাছে থাকা ‘সীমিত তথ্য’ ইতোমধ্যেই তদন্ত কমিটিকে সরবরাহ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই তলব মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার একটি কৌশল।

সোমবার সন্ধ্যায় ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিশ্চিত করেন, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন। তিনি বলেন, তারা সদিচ্ছার ভিত্তিতে আলোচনায় অংশ নিচ্ছেন এবং আশা করছেন, এতে সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি দৃষ্টান্ত স্থাপিত হবে।

উল্লেখ্য, এপস্টেইনের নির্যাতনের শিকারদের কেউ কখনো বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ তোলেননি। এপস্টেইনের অপরাধ সম্পর্কে আগে থেকেই জানতেন—এমন অভিযোগও তিনি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছেন।

কংগ্রেসের নির্দেশে বিচার বিভাগ যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি সম্পত্তিতে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে এবং অন্য একটি ছবিতে হট টাবের মতো স্থানে শুয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে ক্লিনটনের মুখপাত্র জানান, ছবিগুলো বহু পুরোনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগেই ক্লিনটন তার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন।

হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান আরও জানান, ক্লিনটন দম্পতিকে তলবের সিদ্ধান্ত দ্বিদলীয়ভাবে অনুমোদিত হয়েছিল। তার দাবি অনুযায়ী, আইনজীবীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করা হলেও তারা বারবার সময়ক্ষেপণ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ