Views Bangladesh Logo

এপস্টেইন আমার ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিলেন: বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও ধনকুবের দাতব্যকর্মী বিল গেটস মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির এক বন্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দিয়ে দাবি করেছেন, দণ্ডিত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত সম্পর্ক ও বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন।

বুধবার (১০ জুন) অনুষ্ঠিত প্রায় চার ঘণ্টার ওই শুনানিতে বিল গেটস জানান, এপস্টেইন তার ব্যক্তিগত জীবনের সংবেদনশীল তথ্য জেনে সেগুলোকে ‘অনেক মিথ্যা তথ্যের’ সঙ্গে মিশিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করেন, যাতে তিনি তাদের সম্পর্ক বজায় রাখেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস বর্তমানে বিচার বিভাগের এপস্টেইন মামলার ব্যবস্থাপনা এবং তার সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের নেটওয়ার্ক নিয়ে বিস্তৃত তদন্ত চালাচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ব্যবসায়ী টাইকুন লেসলি ওয়েক্সনারসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গেটসের প্রতিনিধি আগেই দেওয়া লিখিত বিবৃতিতে জানায়, এপস্টেইন গেটসের বৈবাহিক সম্পর্কের ফাটল সম্পর্কে তথ্য জেনে তা কাজে লাগানোর চেষ্টা করেন। গেটস বলেন, তিনি যখন ২০১৪ সালের দিকে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে শুরু করেন, তখন থেকেই এই চাপ প্রয়োগের চেষ্টা বাড়ে।

তিনি আরও জানান, এপস্টেইন মূলত একটি দাতব্য তহবিল গঠনের বিষয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপন করেছিলেন, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

বিল গেটস বলেন, এপস্টেইনের সঙ্গে অতীত সম্পর্ক তার জন্য একটি ‘গুরুতর ভুল সিদ্ধান্ত’ ছিল, যা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং তার জনমর্যাদাও ক্ষতিগ্রস্ত করে। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি কখনও কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, এপস্টেইনের কোনো সম্পত্তিতেও যাননি এবং কাউকে ক্ষতিগ্রস্ত করেননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ