Views Bangladesh Logo

হাড়ে ছড়িয়ে পড়েছে বাইডেনের ক্যান্সার, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। ক্যান্সার হাড়েও ছড়িয়ে পড়ায় তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।

শুক্রবার (৭ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন হান্টার। বাবার অসুস্থতা নিজের চোখে দেখা তার জন্য অত্যন্ত কষ্টকর বলেও জানান তিনি।

হান্টার বাইডেন বলেন, ক্যান্সার ছড়িয়ে পড়ে মেটাস্ট্যাসিসের মাধ্যমে তার বাবার হাড়সহ শরীরের অন্যান্য অংশে পৌঁছেছে। এই পরিস্থিতি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং রোগটি বাইডেনকে শারীরিকভাবে অনেকটাই দুর্বল করে দিয়েছে বলেও জানান তিনি।

বাবার কষ্টের কথা বলতে গিয়ে হান্টার বলেন, তিনি চান তার বাবা নিজের শারীরিক যন্ত্রণা নিয়ে আরও বেশি কথা বলুন। নীরবে কষ্ট সহ্য করা তার জন্য ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে অসুস্থতার মধ্যেও বাইডেন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সক্রিয় রয়েছেন এবং যেসব বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলছেন বলে জানান হান্টার।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। তার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে পুরো মেয়াদজুড়েই আলোচনা ছিল। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন বাইডেন। পরে তার শারীরিক সক্ষমতার বিষয়টি নিয়ে তথ্য গোপনের অভিযোগে বাইডেন ও তার হোয়াইট হাউসের সহযোগীরা সমালোচনার মুখে পড়েন।

হোয়াইট হাউস ছাড়ার কয়েক মাসের মধ্যেই ২০২৫ সালের মে মাসে বাইডেন তার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন। এরপর থেকে তার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আলোচনা চলছে। হান্টার জানান, বাবার এই অসুস্থতার খবর জানার পর থেকেই পুরো পরিবারের জন্য সময়টি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের পর জো বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ