Views Bangladesh Logo

সীমান্তে কড়া নজরদারি, একদিনে ৮ পুশইন প্রচেষ্টা ভেস্তে দিল বিজিবি

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের আটটি পৃথক প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (৬ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবির তথ্য অনুযায়ী, ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবির টহলদল শূন্যরেখায় অবস্থান নিয়ে তা প্রতিহত করে। পরে ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়। একই সময়ে নওগাঁর করমুডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। এছাড়া লালমনিরহাটের বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্তে আরও ২১ জনকে পুশইনের প্রচেষ্টা রুখে দেওয়া হয়।

অন্যদিকে, লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে। অন্যদিকে পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে রাখার ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও তাদের দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য বা নথি উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি।

এছাড়াও নেত্রকোনা সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জড়ো করে রাখা ১৬ থেকে ১৭ জনকে বিজিবির কঠোর নজরদারির মুখে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ এলাকায়ও বিজিবি সতর্ক অবস্থান বজায় রেখেছে।

বিজিবি বলছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দুই দেশের বিদ্যমান সমঝোতার বাইরে কোনো ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত রাখবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ