বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থরক্ষাকারীদের শিক্ষা দিয়েছে: অমিত শাহ
পশ্চিমবঙ্গের জনগণ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থরক্ষাকারীদের উচিত শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ।
আজ সোমবার এক্স-এ দেওয়া এক বার্তায় অমিত শাহ বলেন, বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থরক্ষাকারীদের এমন শিক্ষা দিয়েছে, যা তোষণের রাজনীতিতে অভ্যস্ত দলগুলো কোনোদিন ভুলতে পারবে না। বাংলার মানুষ নরেন্দ্র মোদির নেতৃত্বের ওপর যে আশা ও আস্থা রেখেছে, বিজেপি অবশ্যই তা পূরণ করবে।
পশ্চিমবঙ্গের বিজেপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে এতটুকু সরেননি — সেই সকল কর্মী ও তাদের পরিবারকে আমি প্রণাম জানাই।
এক্স বার্তায় অমিত শাহ আরও লেখেন, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মহাপুরুষদের পবিত্র ভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং 'সোনার বাংলা'র স্বপ্ন বাস্তবে রূপ দিতে বিজেপি অক্লান্ত পরিশ্রম করে যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে