Views Bangladesh Logo

ইসরায়েলগামী ব্রিটিশ সামরিক সরঞ্জামের চালান জব্দ করল বেলজিয়াম

ইসরায়েলগামী যুক্তরাজ্য থেকে পাঠানো সামরিক সরঞ্জামের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির আকাশসীমা ও অবকাঠামো ব্যবহার করে সামরিক পণ্য পরিবহনের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়।

সম্প্রতি একাধিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থার জোট ব্রাসেলস কর্তৃপক্ষকে সতর্ক করে জানায়, যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশ্যে একটি সামরিক চালান লিয়েজ বিমানবন্দর হয়ে যাচ্ছে। এরপর গত ২৩ মার্চ যুক্তরাজ্য থেকে পাঠানো চালানটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে লিয়েজ বিমানবন্দরে আটকে দেওয়া হয়।

পরিদর্শনে এক বিশেষজ্ঞ প্রকৌশলী চালানটিতে “ফায়ার কন্ট্রোল সিস্টেম ও সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ” শনাক্ত করেন, যা যথাযথভাবে ঘোষণা করা হয়নি।

এ ঘটনায় বেলজিয়াম কর্তৃপক্ষ একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। তবে অভিযোগে জড়িত কোম্পানিগুলোর নাম প্রকাশ করা হয়নি।

তবে দেশটির দক্ষিণাঞ্চলীয় ওয়ালুন আঞ্চলিক সরকার একটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে, যা একটি মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা এবং যার কারখানা যুক্তরাজ্যে রয়েছে। প্রতিষ্ঠানটি ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত এম-৩৪৬ বিমানটির জন্য অ্যাকচুয়েটর তৈরি করে।

বেলজিয়াম সরকারের এক মুখপাত্র জানান, এই চালানের জন্য কোনো ট্রানজিট লাইসেন্সের আবেদন করা হয়নি। আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হতো।

চালানটির গতিপথ অনুসরণে জড়িত সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাজ্য থেকে ওপেন ইন্ডিভিজুয়াল এক্সপোর্ট লাইসেন্সের আওতায় এসব যন্ত্রাংশ রপ্তানি করা হয় এবং সেগুলোকে সামরিক সরঞ্জাম হিসেবে নয়, বরং বিমান সংশ্লিষ্ট উপাদান হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল।

তারা আরও জানায়, যুক্তরাজ্য থেকে লিয়েজ বিমানবন্দর হয়ে ইসরায়েলের উদ্দেশ্যে মুগ কোম্পানির অন্তত ১৭টি চালান ইতোমধ্যে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে মানবাধিকার সংগঠনগুলোর চাপে যুক্তরাজ্য সরকার ইসরায়েলের জন্য দেওয়া ৩৫০টি অস্ত্র রপ্তানি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করে।

তবে এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত সময়কালে যুক্তরাজ্য ইসরায়েলের জন্য ১০০টির বেশি সামরিক সরঞ্জাম রপ্তানি লাইসেন্স অনুমোদন দেয়, যার মধ্যে যুদ্ধবিমান, ট্যাংক ও গোলাবারুদের উপাদান অন্তর্ভুক্ত ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ