বালোগনের লাল কার্ড স্থগিতের বিরুদ্ধে আপিলের সুযোগ পেল বেলজিয়াম
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ড ইস্যুতে জমে উঠেছে বিতর্ক। গণমাধ্যমের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফোনে এই স্ট্রাইকারের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছে বেলজিয়াম।
শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন বালোগন। নিয়ম অনুযায়ী তার বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি খেলতে পারার কথা নয়। কিন্তু ফিফা রোববার জানায়, এক ম্যাচের নিষেধাজ্ঞাটি এক বছরের জন্য স্থগিত থাকবে। এরপরই রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) জানায়, তারা ‘সমস্ত সম্ভাব্য বিকল্প’ খতিয়ে দেখবে।
‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আপিলের জন্য আরবিএফএর আনুষ্ঠানিক আবেদন মঞ্জুর করেছে ফিফা। আরবিএফএ ও ইউএস সকারকে সিয়াটলের ম্যাচ শুরুর ১২ ঘণ্টা আগে, অর্থাৎ স্থানীয় সময় ভোর ৫টার মধ্যে নিজেদের বক্তব্য পেশ করতে বলা হয়েছে। শুনানির জন্য ফিফা আপিল কমিটির এমন একজন সদস্যকে নির্বাচিত করা হয়েছে, যিনি উয়েফা বা কনকাকাফের কোনো ফেডারেশনের সঙ্গে যুক্ত নন। তবে ম্যাচের আগে রায় দেওয়া হবে কি না, সে বিষয়ে বেলজিয়ামকে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় সিয়াটলে মুখোমুখি হবে দুই দল।
নিউ ইয়র্ক টাইমসের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বালোগনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ করেন; এরপরই আসে ফিফার সিদ্ধান্ত—যার বিরুদ্ধে আপিলের কোনো সুযোগই ছিল না। ফিফার এমন স্বপ্রণোদিত সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়ে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বলেন, ‘আমি জানতাম না যে, ফিফা বিশ্বকাপে এখন ৫ জুলাইকে ১ এপ্রিল মনে করা হয়, আর এটা এপ্রিল ফুল’স ডে (বোকা বানানোর দিন)।’
বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার টুর্নামেন্টের মাঝপথে কোনো খেলোয়াড়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘটনা ঘটল। ১৯৬২ বিশ্বকাপের সেমি-ফাইনালে চিলির এক খেলোয়াড়কে লাথি মেরে লাল কার্ড দেখা ব্রাজিলের গারিঞ্চাকে ফাইনালে খেলার অনুমতি দিয়েছিল ফিফা।
মতামত দিন