তীব্র গরমে স্টাইল ও আরাম—কোন রঙের পোশাক পরবেন?
গ্রীষ্মের তাপমাত্রা দিন দিন বাড়ছে। প্রখর রোদ ও অস্বস্তিকর গরমে স্বাভাবিক জীবনযাপন অনেকের জন্যই কঠিন হয়ে উঠছে। প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার চেষ্টা করলেও জীবিকা ও দৈনন্দিন কাজের তাগিদে ছোট-বড় সবাইকেই বাইরে যেতে হচ্ছে। এই তীব্র গরমে ঘাম, সর্দি-কাশি থেকে শুরু করে জ্বর এবং হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
এ অবস্থায় গরমে স্বস্তি পেতে পোশাকের রংও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণভাবে কালো রঙের তুলনায় সাদা রঙ কম তাপ শোষণ করে বলে বেশি আরামদায়ক মনে করা হয়। তবে সাদার পাশাপাশি আরও কিছু হালকা রঙ রয়েছে, যেগুলো গরমে স্বস্তি ও স্টাইল—দুটোই বজায় রাখতে সাহায্য করে।
আকাশি রং
দিনের বাইরে বের হওয়ার জন্য আকাশি রঙের পোশাক হতে পারে ভালো পছন্দ। এই রং চোখে আরাম দেয় এবং রোদের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়। পাশাপাশি এটি সতেজ ও পরিপাটি লুক তৈরি করে।
ধূসর রং
ধূসর রং সব ঋতুতেই মানানসই হলেও গরমে এটি বেশ আরামদায়ক। তুলনামূলকভাবে কম তাপ শোষণ করে এই রং, ফলে গরমে স্বস্তি দেয়। শাড়ি, সালোয়ার কিংবা ফরমাল পোশাকে ধূসর রং আলাদা একটি এলিগ্যান্ট লুক এনে দেয়।
বেজ রং
গরমে স্বস্তিদায়ক রঙগুলোর মধ্যে বেজ অন্যতম। এটি সূর্যের তাপ প্রতিফলিত করতে সাহায্য করে এবং শরীরকে তুলনামূলক ঠাণ্ডা রাখে। সাদা ও ধূসরের মাঝামাঝি এই রং বর্তমানে ফ্যাশন ট্রেন্ডেও বেশ জনপ্রিয়। অফিস বা ক্যাজুয়াল—সব ধরনের পরিবেশেই এটি মানানসই।
প্যাস্টেল শেড
মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, বেবি পিঙ্ক, হালকা হলুদসহ প্যাস্টেল রঙগুলো গরমের জন্য আদর্শ। এসব রং কম তাপ শোষণ করে এবং একই সঙ্গে স্টাইলিশ ও আধুনিক লুক তৈরি করে। গরমে ফ্যাশন ও আরাম একসঙ্গে পেতে প্যাস্টেল শেড হতে পারে দারুণ পছন্দ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে