গরমে সুস্থ থাকতে প্রতিদিন কতটুকু পানি প্রয়োজন?
দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তীব্র গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি ও খনিজ লবণ বের হয়ে যায়, ফলে ডিহাইড্রেশন (পানিশূন্যতা) দেখা দেয়। এই পানিশূন্যতা থেকে হিটস্ট্রোকের মতো গুরুতর সমস্যাও হতে পারে। তাই এই সময়ে সুস্থ থাকতে সঠিক পরিমাণে পানি পান করা খুবই জরুরি।
সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান করা উচিত। তবে এই পরিমাণ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। যারা দীর্ঘ সময় রোদে কাজ করেন বা শারীরিক পরিশ্রম বেশি করেন, তাদের গড়ের তুলনায় বেশি পানি প্রয়োজন।
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পানির পরিমাণে বিশেষ নজর দিতে হবে, কারণ তাদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দেয়।
শরীরে পানির ঘাটতির লক্ষণ:
১.প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যাওয়া
২.বারবার মুখ ও ঠোঁট শুকিয়ে যাওয়া
৩.মাথা ঘোরা, ক্লান্তি ও শক্তি কমে যাওয়া
৪.ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া
চিকিৎসকদের মতে, তৃষ্ণা মেটাতে একসাথে বেশি পানি পান না করে সারাদিন অল্প অল্প করে পানি পান করা বেশি উপকারী। দীর্ঘ সময় পানি না খেয়ে থাকা শরীরের জন্য ক্ষতিকর। রোদে বের হওয়ার আগে অন্তত এক গ্লাস পানি পান করা উচিত। এছাড়া সবসময় সঙ্গে পানির বোতল রাখা জরুরি।
যদি বারবার সাদা পানি পান করতে ভালো না লাগে, তাহলে ডাবের পানি, তাজা ফলের রস (চিনি ছাড়া) বা লেবুর শরবত পান করতে পারেন। এগুলো শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি প্রয়োজনীয় খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে এই গরমে অতিরিক্ত চা, কফি বা কোমল পানীয় এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো আরও পানিশূন্যতা বাড়াতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে