Views Bangladesh Logo

ব্যয় কমাতে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল বিবিসি

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) ২ হাজার  জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। শতকরা হিসেবে এটি বিবিসির মোট কর্মীর ১০ শতাংশ। এর আগে ২০১১ সালে একবার এমন বিপুল কর্মী ছাঁটাই হয়েছিল। তারপর ২০২৫ সাল পর্যন্ত এত বড় আকারে ছাঁটাই বিবিসিতে আর হয়নি।

গতকাল বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সর্বকর্মী বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৮ মে বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে আসছেন ব্রিটিশ ব্যবসায়ী ও ইএমইএ বিজনেস গ্রুপের প্রধান ম্যাথিউ জন ব্রিটিন, যিনি ম্যাট ব্রিটিন নামেই বেশি পরিচিত। তার যোগদানের এক মাস আগেই কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিল বিবিসি।

তবে এই ছাঁটাইয়ের আভাস আগেই পাওয়া গিয়েছিল। গত ফেব্রুয়ারিতে বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিষ্ঠানটি তার বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নিয়েছে। তৎকালীন মহাপরিচালক টিম ডেভি তখন বলেছিলেন, এই সাশ্রয়ের জন্য ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।


ডোনাল্ড ট্রাম্প, গাজা এবং ট্রান্সজেন্ডার অধিকারসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ত্রুটিপূর্ণ কভারেজ দেওয়ার বিতর্কের জেরে গত নভেম্বরে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন টিম ডেভি। গত ২ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বিবিসি ছেড়ে যান।

তার বিদায়ের পর অন্তর্বর্তী মহাপরিচালক হিসেবে দায়িত্বে আছেন রদ্রি তালফান ডেভিস। গতকালের সর্বকর্মী বৈঠকে সভাপতিত্ব করে কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও তিনিই দেন। ম্যাট ব্রিটিন যোগ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন।

ছাঁটাইয়ের ঘোষণার পর বিবিসির প্রত্যেক কর্মীকে একটি ই-মেইল পাঠান তালফান ডেভিস। সেখানে তিনি লেখেন, আপনারা জানেন যে বিবিসি বর্তমানে ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাদের দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। সহজভাবে বলতে গেলে, আমাদের ব্যয় ও আয়ের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে। প্রোডাকশন বাবদ ব্যয় অনেক বেড়ে গেছে; লাইসেন্স ফি এবং বাণিজ্যিক আয় চাপের মুখে আছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির অবস্থাও টালমাটাল।

তিনি আরও লেখেন, বর্তমানে আমাদের বার্ষিক ব্যয় ৫০০ কোটি পাউন্ড। আগামী দুই বছরে এর মধ্য থেকে কমপক্ষে ৫০ কোটি পাউন্ড সাশ্রয় করতে হবে, যার সিংহভাগ ব্যয় হবে ২০২৭-২৮ অর্থবছরে। ফলে অবধারিতভাবেই কর্মী সংখ্যা কমাতে হচ্ছে। আমি জানি এই পদক্ষেপ সবার মধ্যে অনিশ্চয়তা তৈরি করবে। তবে আমরা চেয়েছিলাম কর্মীদের সামনে বিষয়টি খোলাখুলিভাবে তুলে ধরতে।

যুক্তরাজ্যের সম্প্রচার, বিনোদন ও থিয়েটার কর্মীদের ইউনিয়ন বেকটুর প্রধান ফিলিপ্পা চাইল্ডস দ্য গার্ডিয়ানকে বলেন, এই মাত্রার কর্মী ছাঁটাই সবার জন্য বিপর্যয় বয়ে আনবে। যেসব কর্মী ছাঁটাই হচ্ছেন তাঁরা তো অনিশ্চয়তায় পড়বেনই, উপরন্তু বিবিসির সামগ্রিক সংবাদ কার্যক্রমেও এর প্রভাব পড়বে। বিবিসি আমাদের জাতীয় সংবাদমাধ্যম এবং সরকারের উচিত এতে বরাদ্দ আরও বাড়ানো।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ