Views Bangladesh Logo

প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ

পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। প্রায় আড়াই ঘণ্টার অবরোধে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার সকাল ১০টার দিকে কয়েকশ ব্যাটারিচালিত রিকশাচালক জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ‘পুলিশি হয়রানি বন্ধ করো’ এবং ‘যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

অবরোধের কারণে প্রেসক্লাব ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধে অংশ না নিয়ে রাজধানীর অন্য সড়ক দিয়ে রিকশা চালিয়ে যাওয়ায় কয়েকজন চালকের অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারীরা।

অবরোধে অংশ নেওয়া এক রিকশাচালক সাংবাদিকদের বলেন, রাস্তায় চলার সময় পুলিশ রিকশা আটক করে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা টাকা আদায় করে। তাঁরা পুলিশি হয়রানি বন্ধ চান।

দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ শেষ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। এর আগে তাঁরা একটি প্রতিবাদ মিছিল করেন।

অবরোধ শেষ হওয়ায় বর্তমানে পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ