রাজধানীতে অঞ্চলভিত্তিক চলবে ব্যাটারিচালিত রিকশা: ডিএসসিসি
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে অঞ্চলভিত্তিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরিকল্পনা অনুযায়ী, ঢাকা শহরকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হবে এবং একটি অঞ্চলের রিকশা শুধু সেই এলাকার মধ্যেই চলাচল করতে পারবে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, অনিয়ন্ত্রিত রিকশা চলাচল, উল্টো পথে যানবাহন চালানো এবং ট্রাফিক আইন না মানার কারণে নগরীতে যানজট বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট সড়ক ও প্রয়োজনে দিনভিত্তিক চলাচলের বিধিনিষেধও আরোপ করা হতে পারে।
তিনি জানান, ভবিষ্যতে লাইসেন্স ছাড়া কেউ ঢাকায় রিকশা চালাতে পারবেন না। ডেমরা, কেরানীগঞ্জ বা উত্তর সিটির রিকশা নির্বিচারে দক্ষিণ সিটিতে প্রবেশ করতে পারবে না; প্রতিটি রিকশাকে নিবন্ধনের আওতায় এনে নির্দিষ্ট অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে।
এ উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের কাজ চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন চূড়ান্ত করে সিটি করপোরেশনের কাছে পাঠালে তা কার্যকর করা হবে।
রিকশার পাশাপাশি বাস চলাচলেও শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনার কথা জানান প্রশাসক। তিনি বলেন, যত্রতত্র বাস থামানো ও যাত্রী ওঠানামা বন্ধ করে নির্দিষ্ট স্টপেজভিত্তিক ব্যবস্থা চালুর লক্ষ্যে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত নীতিমালা ও লাইসেন্সিং ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে। তাঁর মতে, এটি কার্যকর হলে যানজট কমবে, সড়ক নিরাপত্তা বাড়বে এবং নিয়মিত নিবন্ধনের মাধ্যমে সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে।
মতামত দিন