Views Bangladesh Logo

জাসদ কার্যালয়ে ‘মব সন্ত্রাসে’র নিন্দা বাসদের, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি

জাসদ কার্যালয়ে ‘মব সন্ত্রাস’ ও পুলিশি অভিযানের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া জাসদের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, মিছিল, মিটিং ও সমাবেশ করা নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের মূল কথা হলো সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা। স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে এখন একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। তাই আগের সরকারের মতো একই ধরনের আচরণ বর্তমান সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না।

ফিরোজ বলেন, পতিত স্বৈরাচারী সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে নানা ট্যাগ দিয়ে তাদের সভা-সমাবেশ পণ্ড করত এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করত। বর্তমান সরকারের আমলে এমন আচরণের পুনরাবৃত্তি কাম্য নয়।

তিনি বলেন, পূর্বনির্ধারিত প্রতিনিধি সভা চলাকালে প্রথমে মব সন্ত্রাস এবং পরে পুলিশ এসে জাসদের নেতাকর্মীসহ উপস্থিত লোকজনকে আটক করে নিয়ে যায় বলে জাসদের পক্ষ থেকে জানানো হয়েছে। দলটি আরও জানিয়েছে, সেখানে কোনো গোপন বৈঠক হচ্ছিল না; পুলিশের অনুমতি ও নিরাপত্তার ব্যবস্থা চেয়েই তারা প্রতিনিধি সভার আয়োজন করেছিল।

বাসদ নেতা বলেন, জাসদ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। ওই দলের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা থাকলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। কিন্তু মব সন্ত্রাস ও হামলা চালিয়ে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে বাধা দেওয়া গণতন্ত্রের পরিপন্থী।

বিবৃতিতে জাসদ কার্যালয়ে হামলা ও মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়।

এদিকে, গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনাতেও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফিরোজ।

বিবৃতিতে তিনি বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়ে যান।

মিরপুরের টিকাকেন্দ্রে হামলা ও লুটের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বাসদ সাধারণ সম্পাদক। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ আইন করে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ