Views Bangladesh Logo

আজিমপুরে সমাহিত হবেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং ফার্মগেটের ইন্দিরা রোডে দুই দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন সাবেক আইনমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ। দীর্ঘদিনের অসুস্থতার পর রোববার বিকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

প্রয়াত এই আইনজীবীর ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় ফার্মগেটের ইন্দিরা রোড খেলার মাঠে (বাসার কাছে) শফিক আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার কফিন নেওয়া হবে দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে দুপুর দেড়টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার বাবার কফিন বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি আইনজীবী ছিলেন। ১৯৯৯-২০০০ এবং ২০০৮-২০০৯ মেয়াদে তিনি দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ