Views Bangladesh Logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চতুর্থ ফটকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভার প্রচারণামূলক ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (২৯ আগস্ট) সকালে ফটকটিতে ব্যানারটি দেখা যায়।

ব্যানারে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার প্রচারণা করা হয়েছে। ভার্চুয়ালি আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিফাত আব্দুল্লাহ বলেন, শোক দিবসের আলোচনা সভার প্রচারণার অংশ হিসেবেই বিশ্ববিদ্যালয়ের ফটকে ব্যানারটি টানানো হয়েছে।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ‘সুপার ইউনিট’ দাবি করে বলেন, দুঃসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের ভূমিকা আরও শক্তিশালী হয়ে ওঠে।

রিফাত আব্দুল্লাহ আরও বলেন, খুব শিগগিরই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে যেসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, তাদের জন্য বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার ‘আঁধারমুক্ত’ হয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলেও দাবি করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ