Views Bangladesh Logo

বাঁশখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে অন্তত ৪০ থেকে ৫০ জন তরুণ অংশ নেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে ‘মোহাম্মদ বোরহান উদ্দিন’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, উপজেলার বাহারছড়া ইউনিয়নের ছনটি বাজারসংলগ্ন জলাশয়ের মাঝের একটি সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা সেখানে ছিলেন না।

৩ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৪০ থেকে ৫০ জন তরুণ হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করছেন। মিছিল শেষে স্থানীয় একটি বাজারেও তাঁরা বিক্ষোভ করেন। পরে তাঁরা কোথায় চলে যান, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘বাঁশখালীর সেলিম ভাই, শেখ হাসিনার ভয় নাই’, ‘গ্যাস দাও, বিদ্যুৎ দাও, নইলে গদি ছেড়ে দাও’, ‘অবৈধ সরকার মানি না, মানব না’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—এসব স্লোগান দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিউল হক বলেন, ভিডিওটি যাচাই করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে বুধবার রাতে উপজেলার টেইলারদ্বীপ সেতু এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি কে এম পারভেজ উদ্দিনের নেতৃত্বে ওই মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা যায়। সেখানেও অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নিয়েছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ