Views Bangladesh Logo

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৪

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ১৭টি অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর সড়কের কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, মুখোশ ও হেলমেট পরা প্রায় ৫০ জন মিছিলকারীর হাতে ব্যানার ছিল। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে তাঁরা এ মিছিল করেন।

মিছিল থেকে সড়কের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মনজুরুল বাসিতের বাসভবনের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ফুটওভার ব্রিজের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আরও তিনটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও সাতটি ককটেল উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তয়েব জানান, বিচারকের বাসভবনের কাছের একটি হোটেলের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আরও দুজনকে আটক করা হয় এবং সাতটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।

এদিকে, গত ২৩ অক্টোবর রমনা শপিং কমপ্লেক্সের কাছে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে রমনা থানা পুলিশ মগবাজারের চেয়ারম্যান গলির একটি বাসা থেকে জাহিদুল ইসলাম অনিক ও শিহাব হোসেন ওমি নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ