Views Bangladesh Logo

টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ৩২ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি নিহত হয়েছেন। এ ঘটনায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরেছিলেন এরিন। তিনি ব্যাংক অব আমেরিকার বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আইভি লিগের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ফোর্ডহ্যাম ল স্কুলের ডিগ্রিধারী এরিনের মৃত্যুতে শোক জানিয়েছে ব্যাংক অব আমেরিকা ও ফোর্ডহ্যাম ল স্কুল।

ঘটনার চার দিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী ও শিশুসন্তানের সঙ্গে ছবি প্রকাশ করে দীর্ঘ ছুটি কাটানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছিলেন এরিন।

পুলিশ জানায়, হামলাকারী নারী পামেলা সিজনারোস (৪৯)। তিনি প্রথমে ওই প্রবীণ ব্যক্তিকে এবং পরে এরিনকে ছুরিকাঘাত করেন। পুলিশ কয়েক মিনিট ধরে তাকে ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দিলেও তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি দেন।

পরে পুলিশ তাকে নিয়ন্ত্রণে আনতে স্টান গান ব্যবহার করে। এরপর গুলি চালালে পামেলা ঘটনাস্থলে নিহত হন।

পামেলার ভাই প্যাট্রিক পেরাল্টা জানান, তাঁর বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগলেও কখনো আক্রমণাত্মক আচরণ করেননি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন, তা তারা বুঝতে পারছেন না। তিনি ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, পুলিশি নিরাপত্তার মধ্যে থাকা টাইমস স্কয়ারের একই এলাকায় গত মে মাসেও ছুরিকাঘাতে একজন নিহত হয়েছিলেন।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ