Views Bangladesh Logo

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতেই পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, কোনো ধরনের স্বার্থের হিসাব ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে সহযোগিতার হাত বাড়ালে বাংলাদেশ সেটিকে স্বাগত জানাবে। তবে দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয়ে বাংলাদেশ আপস করবে না।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থানে বিশ্বাসী। দুই দেশের সম্পর্ক এমন হতে হবে, যেখানে উভয় পক্ষের মর্যাদা ও স্বার্থ সমানভাবে বিবেচিত হবে। এর বাইরে কোনো সম্পর্ককে বিএনপি সরকার গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন বলে আশা প্রকাশ করেন রিজভী।

দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র কিংবা রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিবন্ধকতা মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান দলটির এই নেতা।

শ্রদ্ধা নিবেদনের সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ