Views Bangladesh Logo

মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) দ্বীপটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের এনামুল হকের ছেলে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

হাইকমিশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুল হাসান গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মালদ্বীপ পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

এ বিষয়ে হাইকমিশন জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাশেদুলের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

তরুণ এই প্রবাসীর অকাল মৃত্যুতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ