সমালোচনার মুখে যুক্তরাজ্যের ‘হোমলেসনেস মিনিস্টারের’ পদ ছাড়লেন রুশনারা
যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদের পর ভাড়া ৭০০ পাউন্ড বাড়িয়ে পুনরায় বাড়ি ভাড়া দেয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগষ্ট) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে রুশনারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
পূর্ব লন্ডনের বো এলাকায় অবস্থিত রুশনারা আলীর মালিকানাধীন একটি বাড়িতে চারজন ভাড়াটে মাসিক ৩ হাজার ৩০০ পাউন্ডে বসবাস করতেন। তাদের নির্ধারিত চুক্তির মেয়াদ শেষে গত বছরের নভেম্বরে চার মাসের নোটিশ দিয়ে বাড়ি ছাড়তে বলা হয়। পরে ওই বাড়িটি পুনরায় ভাড়া দেয়া হয়, কিন্তু নতুন ভাড়া ধরা হয় মাসিক ৪ হাজার পাউন্ড—যা পূর্বের তুলনায় ৭০০ পাউন্ড বেশি।
এই ঘটনায় গৃহহীনদের সেবায় সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে রুশনারা আলীর ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এমন উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বরাবর দেয়া পদত্যাগপত্রে রুশনারা আলী লেখেন, “সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথে আমার অবস্থান যেন বিভ্রান্তির কারণ না হয়, সেজন্য আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।”
বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণকারী রুশনারা আলী মাত্র সাত বছর বয়সে পরিবারসহ যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
২০১০ সালে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে রুশনারা আলী প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা পাঁচবার এমপি নির্বাচিত হন তিনি। গত বছর লেবার পার্টি ক্ষমতায় আসার পর তিনি গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান, যা ‘হোমলেসনেস মিনিস্টার’ হিসেবেই পরিচিত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে