আরব আমিরাতের বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের ‘বিগ টিকিট’ লটারির ২৮৯তম সিরিজের সান্ত্বনা পুরস্কারের ড্রতে ১ লাখ দিরহাম (যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৪০ হাজার ৭৭৯ টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী সবুজ মো. দেলোয়ার মুন্সি। সাধারণ একটি টিকিটের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে এ অর্থ জিতেছেন ৩২ বছর বয়সী এই প্রবাসী।
গত সাড়ে সাত বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন সবুজ। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পেরে গত চার বছর ধরে তিনি এতে অংশ নিয়ে আসছিলেন। এবারই প্রথম লটারি জিতেছেন তিনি।
পুরস্কার জয়ের খবর পাওয়ার পর বিজয়ী সবুজ সংবাদমাধ্যমকে জানান, জেতা অর্থ আমিরাতে তার দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করবেন। তার মতে, বিগ টিকিট এমন একটি উদ্যোগ, যা মানুষকে জীবন বদলে দেওয়ার স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। সাধারণ একটি অংশগ্রহণও যে কখনো কখনো জীবন পুরোপুরি বদলে দিতে পারে, তার নিজের জয় সেটিই প্রমাণ করে বলে মনে করেন তিনি।
একই সিরিজের সান্ত্বনা পুরস্কারের ড্রতে সবুজ ছাড়াও আরও চারজন প্রবাসী ১ লাখ দিরহাম করে জিতেছেন। তাদের মধ্যে আরিফুজ্জামান শুভ নামে আরও একজন বাংলাদেশি রয়েছেন। অন্য তিন বিজয়ী ভারতের কেরালার বাসিন্দা অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল এবং শরৎ শশীধরণ। এই ড্রতে মোট পাঁচজনকে ১ লাখ দিরহাম করে মোট ৫ লাখ দিরহাম সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।
এদিকে গ্রীষ্মকালীন আয়োজনকে কেন্দ্র করে বিগ টিকিটের পরবর্তী ড্রতেও বড় পুরস্কারের সুযোগ থাকছে। আগামী ৩ সেপ্টেম্বরের লাইভ ড্রতে একজন বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে দেড় কোটি (১৫ মিলিয়ন) দিরহাম জিতবেন। একই দিনে আরও পাঁচজন বিজয়ী পাবেন ১ লাখ দিরহাম করে।
এ ছাড়া আগস্টজুড়ে সাপ্তাহিক ই-ড্র, ‘দ্য বিগ স্পিন’ এবং ‘ড্রিম কার’ প্রমোশনের আওতায় নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ রয়েছে। এসব প্রমোশনে ল্যান্ড রোভার ডিফেন্ডার ও নিসান প্যাট্রল গাড়িও পুরস্কার হিসেবে থাকছে। আগ্রহীরা অনলাইনের পাশাপাশি আবুধাবি ও আল আইনের নির্দিষ্ট কেন্দ্র থেকে বিগ টিকিট সংগ্রহ করতে পারবেন।
সূত্র: গালফ নিউজ
মতামত দিন