Views Bangladesh Logo

যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

সংযুক্ত আরব আমিরাতে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

রাজধানী আবুধাবিসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইরান যুদ্ধ সম্পর্কিত গুজব ও ভুয়া তথ্য প্রচার করছিলেন।

গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।

রোববার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারি চালানোর পর তাদের আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উসকে দেওয়া এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে এসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

ড. হামাদ সাইফ আল শামস জানান, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকাতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিমভাবে তৈরি ভিডিও আপলোড করতেন।

আমিরাত সরকারের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক স্থিতিশীলতার জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।

আমিরাতের আইনে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ প্রমাণিত হলে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ আমিরাতি দিরহাম জরিমানার বিধান রয়েছে।

গ্রেপ্তারদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ওয়াম নিউজ। এএফপি



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ