Views Bangladesh Logo

বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: ইয়াও ওয়েন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা অবস্থানে রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করেছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেমিনারে ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্কের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা, বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা, বুলেট ট্রেন প্রযুক্তিতে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সমাধানে সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আগ্রহী বেইজিং।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং এটি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চীন প্রস্তুত। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

চীনের বাজারে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির বিষয়ে রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। ফলে আমের পর এবার জাতীয় ফল কাঁঠালও চীনের বিশাল ভোক্তা বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা দেশের কৃষি অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।

সংযোগ খাতের সহযোগিতা নিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন-মিয়ানমার (বিসিএম) অর্থনৈতিক করিডোরের কাজ এগিয়ে চলছে। পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রুট, বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম পথে চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বা বুলেট ট্রেন চালুর সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়া এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে পেতে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে।

রাষ্ট্রদূত আরও বলেন, উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ