Views Bangladesh Logo

জাসদ কার্যালয়ে ‘হামলা ও গণআটকে’র নিন্দা বাংলাদেশ যুব ইউনিয়নের

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা চলাকালে ‘হামলা’ এবং পরে পুলিশের অভিযানে ২৮৯ জন নেতা-কর্মী ও সমর্থককে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, জাসদ কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয় এবং দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর রাষ্ট্রীয় কোনো নিষেধাজ্ঞা নেই। জাসদের দাবি অনুযায়ী, পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা অংশ নিয়েছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে অবহিত করেই সভার আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ যুব ইউনিয়নের নেতারা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বাস্তবতায় কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। তবে কোনো বৈধ রাজনৈতিক দলের কার্যালয়ে সভা চলাকালে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হামলা, কার্যালয় ঘেরাও এবং পরে পুলিশের অভিযানে একসঙ্গে শত শত মানুষকে আটক করার ঘটনা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগবিরোধিতার নামে কোনো বৈধ রাজনৈতিক দলের ওপর হামলা, রাজনৈতিক কার্যালয়ে মব সৃষ্টি কিংবা নির্বিচারে গণআটক কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের ঘটনা ঘটলে ভবিষ্যতে একই দৃষ্টান্ত অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধেও ব্যবহারের সুযোগ তৈরি হবে, যা গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডের পথ সংকুচিত করতে পারে।

নেতারা বলেন, গণতন্ত্রের অর্থ শুধু নির্বাচন নয়; রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রমের স্বাধীনতা, সভা-সমাবেশের অধিকার, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা এবং সবার জন্য আইনের সমান প্রয়োগও গণতান্ত্রিক ব্যবস্থার অংশ।

বাংলাদেশ যুব ইউনিয়ন জাসদ কার্যালয়ে ‘হামলা’র নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা এবং আটক সব নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের বেআইনি হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রাজনৈতিক প্রতিপক্ষকে দমন না করে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যুব ইউনিয়নের নেতারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ