জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষর
জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট।
বিষয়টি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে এই সমঝোতা স্মারক বাংলাদেশের জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তির আওতায় দুই দেশ তেল, গ্যাস, ভূ-তাপীয় ও বায়ো-এনার্জি খাতে সহযোগিতা বাড়াবে। পাশাপাশি জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, গবেষণা কার্যক্রম এবং দক্ষতা উন্নয়নেও সহযোগিতা জোরদার করা হবে।
এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ আরও সম্প্রসারণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়।
পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান এই সমঝোতা স্মারককে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি এ উদ্যোগে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটও এই চুক্তিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে