Views Bangladesh Logo

হাইতিতে জাতিসংঘের ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় নতুন উদ্যোগ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের নয়টি মিশনে বাংলাদেশ থেকে মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের সদস্যরা একসঙ্গে কাজ করছেন। নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পর্যন্ত ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ২৯৪ জন নারী বিভিন্ন মিশনে কর্মরত আছেন।

সেনাপ্রধানের মতে, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং বর্তমানে এটি একটি বিশ্বস্ত ও স্বীকৃত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত।

তিনি বলেন, শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ পরিবর্তিত হচ্ছে। তাই আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী সদস্যদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ কাজ করছে।

আইএসপিআর জানায়, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ বছর সরকারি বর্ষপঞ্জিতে ঈদুল আজহার ছুটি থাকায় কর্মসূচি ১০ জুন পালন করা হয়।

সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে শহীদ শান্তিরক্ষীদের পরিবার ও আহত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ