নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
আগামী ১৬ জুলাই নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বাংলাদেশ বিমসটেকের সভাপতি দেশ হওয়ায় বৈঠকে অংশ নেওয়া দায়িত্ব ও কূটনৈতিক বাধ্যবাধকতার অংশ।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম। তার অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বাংলাদেশ সন্তুষ্ট নয় এবং তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে।
তবে তারা জানান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সফরকালে আয়োজক দেশ হিসেবে ভারত আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রীয় প্রটোকল যথাযথভাবে অনুসরণ করে কি না, তা বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
কর্মকর্তারা আরও বলেন, সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য নিশ্চিত করার বিষয়টিও ভারত সরকারকে অবহিত করা হয়েছে।
তাদের ভাষ্য, এ বিষয়ে ভারতের আচরণ ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের মধ্যে উচ্চপর্যায়ের সফর এবং অন্যান্য আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে মূল্যায়ন করা হবে।
মতামত দিন